বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে এনবিআরের কঠোর নির্দেশনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কঠোর নির্দেশনা জারি করেছে। এনবিআরের অধীন সব কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে এনবিআরের আওতাধীন সব কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরসহ সংশ্লিষ্ট সব কার্যালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি নির্দেশনাসংবলিত পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই ধারাবাহিকতায় এনবিআর নিজস্ব দাপ্তরিক আদেশে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে।
এনবিআরের নির্দেশনায় যা আছে
নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে পর্দা বা ব্লাইন্ড সরিয়ে সূর্যের আলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
অফিস চলাকালে ব্যবহৃত বৈদ্যুতিক বাতির অন্তত অর্ধেক বন্ধ রাখতে হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।
কোনো কক্ষ থেকে বের হওয়ার সময় এবং অফিস সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না।
এ ছাড়া যেকোনো ধরনের আলোকসজ্জা পুরোপুরি পরিহার করতে বলা হয়েছে। সরকারি যানবাহনের ব্যবহার সীমিত করার পাশাপাশি যানবাহনে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও কঠোর সাশ্রয়ী নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় কমানোর পাশাপাশি জাতীয় পর্যায়েও জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখা সম্ভব হবে।