শাহজালাল বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণসহ আটক ২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই ব্যক্তি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ক্যারেটের মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ৪০ দশমিক ৭৮ ভরি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় অবৈধভাবে স্বর্ণ এনে নিজ হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।