EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজনৈতিক নিপীড়নের শিকার এমপিদের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

রাজনৈতিক নিপীড়নের শিকার এমপিদের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
অ অ

রাজনৈতিক নিপীড়ন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি অংশ নেন।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। বিরোধী রাজনৈতিক মতাদর্শের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের দমন করতে গুম, হত্যাকাণ্ড, আয়নাঘরের মতো গোপন বন্দিশালা এবং ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, টানা ১৫ বছরের শাসনামলে মানুষের বাক্‌স্বাধীনতা হরণ এবং বিরোধী মত দমনে রাষ্ট্রীয় নিপীড়নের পরিবেশ তৈরি করা হয়েছিল।

সাক্ষাতে সংসদ সদস্য সানজিদা ইসলাম তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমনের দীর্ঘদিনের গুমের ঘটনা তুলে ধরেন। এ সময় ‘নিপীড়ন থেকে বিপ্লব: রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক একটি ডকুমেন্টেশনের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ নাগরিকদের ওপর বিগত সরকারের আমলে গুম ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান আয়নাঘরে তাঁর বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। হুমাম কাদের চৌধুরীও সামরিক গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় সাত মাস আটকে থাকার অভিজ্ঞতা ও নির্যাতনের বর্ণনা দেন।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তাঁর স্বামী ইলিয়াস আলীর গুমের ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে ‘গুম’ শব্দটি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে। এ ধরনের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতে অংশ নেওয়া অন্য সংসদ সদস্যরাও রাজনৈতিক নিপীড়ন, গুম ও ভয়ের সংস্কৃতির বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড, গুম এবং বিরোধী মতাদর্শের অনুসারীদের ওপর নিপীড়ন অমানবিক ও জঘন্য। তিনি তাঁর নিজ দেশ রোমানিয়ায় নিকোলায়ে চউশেস্কুর শাসনামলের দমননীতির সঙ্গে বাংলাদেশের তৎকালীন শাসনামলের কিছু মিল রয়েছে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সফর শেষে আইপিইউর গভর্নিং বডির কাছে বাংলাদেশে সংঘটিত গুম, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, জহরত আদিব চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম আরমান, মোহাম্মদ নাজিবুর রহমান, আনিসুর রহমান, সানজিদা ইসলাম ও মাধবী মারমাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন