EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চানখারপুল-বকশীবাজারে ডিএসসিসির সমন্বিত অভিযান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

চানখারপুল-বকশীবাজারে ডিএসসিসির সমন্বিত অভিযান

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য অপসারণ ও ট্রেড লাইসেন্স যাচাইয়ে সমন্বিত অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানপাট অপসারণ করা হয়। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

একই সঙ্গে এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

এ ছাড়া সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়।

অভিযানকালে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সও যাচাই করা হয়। বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং লাইসেন্সের শর্ত অমান্যকারীদের সতর্ক করা হয়।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, অভিযানে প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে প্রয়োজনীয় সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে এবং ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে। যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে। একই সঙ্গে যাদের লাইসেন্স নবায়নের প্রয়োজন, তাদের তা নবায়ন করতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, দখলমুক্ত ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, মশকমুক্ত নগর এবং নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সিটি কর্পোরেশনের বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রেড লাইসেন্স যাচাইয়ের সমন্বিত কার্যক্রম পর্যায়ক্রমে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।

পরিচ্ছন্ন, দখলমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএসসিসি।

আরও পড়ুন