EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীরা পাচ্ছেন ৫ সুখবর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীরা পাচ্ছেন ৫ সুখবর
অ অ

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। সভার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন বেতন কাঠামোতে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

সরকারের আর্থিক সক্ষমতা, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামোর প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

নতুন পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেসব উল্লেখযোগ্য সুবিধা রাখা হয়েছে, সেগুলো হলো—

১. সব গ্রেডের কর্মচারী পাবেন মোবাইল ভাতা

নতুন জাতীয় বেতনস্কেলে ১ম থেকে ২০তম—সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে।

এতদিন নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কর্মচারীরা এ সুবিধা পেতেন। সরকারি দপ্তরে ই-মেইল, অনলাইন সভা, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা ও বিভিন্ন অ্যাপভিত্তিক কাজ বাড়ায় এখন প্রায় সব পর্যায়ের কর্মচারীকেই ব্যক্তিগত মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে।

২. কম পেনশন পাওয়া ব্যক্তিদের বেশি সুবিধা

নতুন পে-স্কেলে পুরোনো পেনশনারদের জন্যও পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) এখনই পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় ২০৩০ সালের মধ্যে এটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

এর পরিবর্তে পেনশন বাড়ানোর নতুন ফর্মুলা অনুমোদন করা হয়েছে। এতে তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি হারে সুবিধা পাবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন: বাড়বে ১০০ শতাংশ

৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা: বাড়বে ৭৫ শতাংশ

২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা: বাড়বে ৬৫ শতাংশ

৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা: বাড়বে ৬০ শতাংশ

৪০ হাজার ১ টাকা বা তার বেশি: বাড়বে ৫৫ শতাংশ

ফলে দীর্ঘদিন আগে অবসর নেওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি সুবিধা পাবেন।

৩. তিন ধাপে বাড়বে মূল বেতন

নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আগের তুলনায় ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তবে পুরো বেতন বৃদ্ধি একবারে কার্যকর হবে না। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে।

সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনার অন্যতম কারণ হলো একসঙ্গে বিপুল অর্থ ব্যয়ের চাপ এবং মূল্যস্ফীতির আশঙ্কা কমানো।

৪. প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা

নতুন পে-স্কেলে প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে।

প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একজন সরকারি কর্মচারী মাসে ৩ হাজার টাকা ভাতা পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অতিরিক্ত পরিচর্যা ও পরিবারের বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫. সুবিধা পাবেন প্রায় ৩৩ লাখ মানুষ

নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ নতুন ব্যবস্থার সুবিধা পাবেন।

এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এ ব্যয়ের সংস্থান রাখার পরিকল্পনা রয়েছে।

১১ বছর পর নতুন পে-স্কেল

স্বাধীনতার পর গত ৫৫ বছরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য মোট আটবার পে-স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়।

এরপর প্রতি বছর নির্দিষ্ট হারে, বর্তমানে ৫ শতাংশ, বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি দেওয়া হলেও নতুন করে কোনো আনুষ্ঠানিক বেতন কাঠামো ঘোষণা করা হয়নি।

মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন বৈষম্য কমানোর পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনমানের সঙ্গে বেতন কাঠামোর সামঞ্জস্য রাখতেই নতুন পে-স্কেলের প্রয়োজনীয়তা দেখা দেয়।

আরও পড়ুন