২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে হত্যার মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরার গোপীবাগে (বর্তমানে ওয়ারী থানা) ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় মনির হোসেন (১৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে গোপীবাগ এলাকার একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হন নজির আহম্মদ। এ সময় মনির তার পাশ দিয়ে দ্রুতগতিতে কিছুটা সামনে গিয়ে বিপ্লব ওরফে বশির (১৮)কে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।
বিপ্লব চিৎকার করলে নজির আহম্মদসহ কয়েকজন মনিরকে জাপটে ধরেন। পরে বিপ্লবকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে এবং পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই নজির আহম্মদ ডেমরা থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত করে ২০০২ সালের ৩১ মার্চ মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডেমরা থানার তৎকালীন এসআই আ. জব্বার।
অভিযোগপত্রে বলা হয়, মনিরের কাছ থেকে বিপ্লব ২০ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে মনির বিপ্লবকে হত্যা করেন।
২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।