মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের শিক্ষায় মনোযোগী হতে হবে: এ্যানি
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, ‘আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করতে তারা চক্রান্তে লিপ্ত। এ কারণে তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব।’
শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ্যানি চৌধুরী বলেন, অভাব-অনটনের মধ্যেই সরকার দেশ পরিচালনা করছে। ‘ধ্বংসস্তূপের’ মধ্য দিয়ে নির্বাচনের পর সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় কি না, সেটি সরকারের অন্যতম চ্যালেঞ্জ। শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ প্রমুখ।