EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

ডেইলি সান রিপোর্ট, কুষ্টিয়া

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
অ অ

পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইকচালকদের হামলা ও মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস চলাচল বন্ধ থাকা রুটগুলোর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া।

স্থানীয় ও পরিবহন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়মবহির্ভূতভাবে শহরে ঢোকার চেষ্টা করে। পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সেটি ফিরিয়ে দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরে ইজিবাইকচালক ও শ্রমিকদের একটি দল আলুকদিয়া এলাকায় জড়ো হয়। তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেয়।

অভিযোগ রয়েছে, এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করা হয়। তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বাসেও হামলা চালানো হয়। একপর্যায়ে চালক ও সুপারভাইজারকে জিম্মি করে রাখা হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চালক ও সুপারভাইজারকে উদ্ধার করা হয়।

এর প্রতিবাদে শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েছেন। বিকল্প যানবাহনের সংকটেও পড়তে হচ্ছে তাদের।

চুয়াডাঙ্গা আন্তজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, ইজিবাইকচালক ও শ্রমিকদের হামলায় বাসের চালক ও সুপারভাইজার আহত হয়েছেন। বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান চান। তারা স্বাভাবিকভাবে বাস চলাচল শুরুর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন