ডিএসসিসির উদ্যোগে ঢাকায় বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে পুরান ঢাকায় হাজারো মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক নানা অনুষঙ্গ নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে
বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
ডিএসসিসির উদ্যোগে আয়োজিত ‘ঢাকা শোভাযাত্রা’য় অংশ নেন হাজারো নগরবাসী।
ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এক বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়।

উৎসবমুখর এই শোভাযাত্রায় লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, তারা মসজিদ ও ঢাকা গেটের মতো প্রত্নতাত্ত্বিক স্থাপনার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। এছাড়া রাণি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রগুলোর আদলে সাজা অংশগ্রহণকারীরা নগরের অতীত ইতিহাসকে জীবন্ত করে তোলেন। পুরান ঢাকার বাকরখানি, নান্না বিরিয়ানি ও ঘোড়ার গাড়ির প্রদর্শনীও নগরবাসীকে মুগ্ধ করে।
নগর ভবনে শোভাযাত্রা শেষে গণমাধ্যমের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমরা মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের সূচনা করেছি। এই আয়োজনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’