EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে খুলে দিল ডিএসসিসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে খুলে দিল ডিএসসিসি
অ অ

সংস্কারকাজ শেষে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনের মধ্যে ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

১৪৫ মিটার দৈর্ঘ্য ও ৪ দশমিক ২ মিটার প্রস্থের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে ব্রিজটি ব্যবহার করেন।

জরাজীর্ণ ব্রিজটি দ্রুত সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি তাদের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে জানিয়েছে ডিএসসিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসক আরও ঘোষণা দেন, এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন