EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেলেন হাজারো রোগী

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
অ অ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সৌদিভিত্তিক চ্যারিটি সংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর উদ্যোগে এই ক্যাম্পের দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে বগুড়া মহানগরের সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এ দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনসহ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

সকাল থেকেই চিকিৎসা নিতে ভীড় জমান সেবা নিতে আসা হাজারও রোগী। সামান্য সময়ের ব্যবধানে দূর-দূরান্ত থেকে আসা প্রবীণ নারী-পুরুষ ও শিশুদের পদচারণায় ব্যস্ত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। কর্মসূচি চলাকালে পৃথকভাবে গুরুত্ব দেওয়া হয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের। এ সময় মহানগরীর ‘মূক-বধির বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের ও বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন  এক রোগী।

অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের মানবিক আয়োজন আগে থেকেই চালু ছিল। ডা. জুবাইদা রহমানের উদ্যোগে চিকিৎসা সেবার এই ধারাবাহিকতা আমরা নিয়মিত বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। চিকিৎসা সেবার সার্বিক লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা তুলে ধরেন আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ সেক্টরের পরিচালক ডা. আহমেদ তাহের হামিদ আলী। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য অন্তত ৫ হাজার রোগীকে সেবা দেওয়া। এর বেশি রোগী এলেও আমরা চিকিৎসা প্রদান করবো, কেউ খালি হাতে ফিরবে না। একই সঙ্গে ৫০০ থেকে ১০০০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের (সার্জারি) পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির সার্বিক বিষয় উল্লেখ করে অনুষ্ঠানের দলনেতা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক সাইদ খান বলেন, প্রচণ্ড গরম ও রোদ উপেক্ষা করে ৫ হাজারেরও বেশি মানুষ এখানে সেবা নিতে এসেছেন। যাদের ঔষধ ও চশমা দরকার ছিল, সেটাও সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকার রক্ষা করে আসছে।

সংগঠনটির অন্যান্য স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ তুলে ধরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের যে-কোনো ক্রান্তিলগ্নে অগ্রগামী ভূমিকা পালন করে। এর আগেও শিশুদের জন্য বিশেষায়িত সেবা এবং অ্যাজমা সেন্টারে চিকিৎসা সেবা পরিচালনা করা হয়েছে। একই ধারাবাহিকতায় এখানে দেশি- বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আজকের চিকিৎসাসেবা কার্যক্রম।

চিকিৎসা সেবা নিতে আসা মোহাম্মদ মানিক ও ও সোহেল রানা জানান, চিকিৎসা সেবা দিতে আসা চিকিৎসকগণ গুরুত্ব সহকারে তাদের চোখ পরীক্ষা করেছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে চশমা দিয়েছেন। এক টাকাও খরচ হয়নি।

এবার সন্তুষ্টি প্রকাশ করে জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে আসা রাজু আহমেদ ও ইনসান আলী পরিচ্ছন্ন পরিবেশে তারা মুগ্ধ উল্লেখ করে বলেন, আগে চোখে ঝাপসা দেখতেন, স্পষ্ট লেখা পড়তে পারতেন না। চশমা পাওয়ার পর তিনি চোখে ভালো দেখতে পারছেন। তাদের মতো অসহায় মানুষের জন্য এ ধরনের ফ্রি চিকিৎসা সেবার সুযোগ অনেক বড়ো উপহার।

আয়োজকরা জানান, প্রথম দিনের প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত ছানি রোগীদের ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।

বগুড়া অঞ্চলের বৃহৎ এই চিকিৎসা ক্যাম্প পরিচালনায় জেলা টিমের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ডা. মো. ইউনুস আলী ও অ্যাজমা কেয়ার সেন্টার-এর পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের দিকনির্দেশনায় কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. এ কে এম জহিরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সুমন রহমান এবং এম-ট্যাব কেন্দ্রীয় সদস্য মো. মিজানুর রহমান।

আরও পড়ুন