দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার
উদ্ধার হয়েছে অস্ত্র ও কোটি টাকার মাদক
বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম
চলতি বছরের ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৫৩ হাজার ৫১৮ জন। এ ছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ’ টি চকলেট বাজি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১৫৩টি, শুটারগান ৪৮টি, এলজি ৪৫টি, রিভলভার ২৬টি, বন্দুক ১০৮টি, পাইপগান ২৬টি, শটগান ৭টি, রাইফেল ৭টি, এসএমজি ৩টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।
অভিযান চলাকালে পুলিশ ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোয়িন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে।