EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলে‍হ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত।

পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্তও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকার সব রাস্তা ও গলিপথ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন