ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) যৌথভাবে পরিচালিত এই মোবাইল কোর্টে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে জরিমানা আদায়ের পাশাপাশি ক্ষতিকর হর্ন জব্দ ও বিনষ্ট করা হয়।
অভিযানে অনুমোদিত মাত্রার চেয়ে অধিক শব্দ তৈরি ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুটি পরিবহনকে দুটি মামলায় মোট ৩,০০০ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানাকৃত গাড়িগুলো থেকে ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রায় ১০টি বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সাঁটিয়ে দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাখিবুল হাসান। অভিযানে সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি দল।
শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিদর্শক মো. রাখিবুল হাসান।