ফরিদপুরে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
ফরিদপুরে পৃথক ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
গণধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—ফরিদপুর সদরের ঈশান গোপালপুর গ্রামের সুমন মোল্লা ও ওসমান বেপারী। অন্য মামলায় দণ্ডপ্রাপ্ত যুবক হলেন—কোতোয়ালি থানার আইকন গ্রামের রাসেল মন্ডল।
পাবলিক প্রসিউকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ২০২৪ সালের ১৭ অক্টোবরে গোয়ালন্দ থেকে এক নারীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুরে আটকে রেখে গণধর্ষণ করেন সুমন ও ওসমান। এ ঘটনায় ২১ অক্টোবর মামলা হলে বিচার প্রক্রিয়া শেষে আজ এ রায় আসে।
পিপি আরও জানান, ২০২৩ সালের ২৬ নভেম্বরে তাম্বুলখানা এলাকার এক কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে রাসেল মন্ডলের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় শুনানি শেষে একই আদালত তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেন।