বৃক্ষরোপণ আন্দোলন বিস্তৃত করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপনের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের সামাজিক আন্দোলন আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
রবিবার (২৩ আগস্ট) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যাসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সভায় অংশ নেন জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার যত্ন নেওয়া সবার নৈতিক দায়িত্ব। জীবন ধারণের জন্য পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর মানুষ নির্ভরশীল।
তিনি বলেন, শুধু যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মেধা ও বিবেকের চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।
জলবায়ু সংকটের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে স্বপন বলেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। এতে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে উপকূলীয় নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিও বাড়ছে। এই সংকট মোকাবিলায় সবুজায়ন ও বনায়নের কোনো বিকল্প নেই।
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দূরদর্শী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বৃক্ষরোপণ আন্দোলনও শুরু করেছিলেন।
তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে চলতি বছরের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।
প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ ভাবনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান স্বপন। এই সামাজিক আন্দোলন সফল করতে কৃষিবিদ সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে নুরুল ইসলাম নয়ন এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বক্তব্য দেন। এ ছাড়া অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য দেন।