রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম
দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠান সামনে রেখে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ জোরদার করা হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় কঠোরভাবে পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।
বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে পৌঁছাতে শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতিমধ্যে বঙ্গভবনের দরবার হলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল।
শপথকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা নিরলস কাজ করছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সন্ধ্যার এই শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন মির্জা ফখরুল।
