EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সার্টিফিকেট নয়, কর্মক্ষম শিক্ষার্থী তৈরির শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: মাহদী আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

সার্টিফিকেট নয়, কর্মক্ষম শিক্ষার্থী তৈরির শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

অ অ

শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষার্থীদের পড়ালেখা শেষে কর্মক্ষম ও দক্ষ করে গড়ে তোলার উপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

শুক্রবার (২১ আগস্ট) সাভারে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপাচার্য ও শিক্ষকদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাস্তব জীবনের প্রয়োজন ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।

তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়ন করতে হবে। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগও বাড়াতে হবে।

শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়গুলোতে অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন শিক্ষা উপদেষ্টা। তাঁর মতে, পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ ছাড়া উচ্চশিক্ষিত তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে ‘ব্রেইন ড্রেইন’ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আলোচনা সভায় বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষাক্রমের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন