ফল ঘোষণার পর আবেগঘন মুহূর্ত, নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে তিনি ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর জাতীয় সংসদে তৈরি হয় আবেগঘন পরিবেশ। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তাৎক্ষণিকভাবে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করে অভিনন্দন জানান। বিজয়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম জাতীয় সংসদ থেকে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভোট গণনার আগে নির্বাচন কর্মকর্তারা সংসদ সদস্যদের সামনে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো তুলে ধরে সেগুলো খালি থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে সবার উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময় সংসদ গ্যালারির সামনের সারিতে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পাশে ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মির্জা ফখরুলের বিজয় ঘোষণা হতেই প্রধানমন্ত্রী দাঁড়িয়ে তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান।
ফল ঘোষণার পর আসন থেকে উঠে হাত নেড়ে সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। পরে তিনি উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন তিনি।
পরে সংসদ সদস্য ও অন্যান্য অতিথিদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে ছবি তুলতে দেখা যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে। নারী সংসদ সদস্যদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।