রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পেলেন?
২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর সংসদ ভবনের সংসদ কক্ষে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে লাল গোলাপ তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান। এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং অন্যান্য সংসদ সদস্যরা একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সংসদ ভবনের মূল কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমেই ভোট প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা একে একে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।