নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাতীয় পার্টির অভিনন্দন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা আরও বলেন, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব রাজনৈতিক দল, মত ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটিই দেশবাসীর প্রত্যাশা।
জাতীয় পার্টির নেতারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির যে প্রত্যাশা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের সর্বস্তরে সমন্বয় ও ঐক্যের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।