ফরিদপুরে অপরাধমূলক কার্যক্রম রোধে ভূমিকা রাখার প্রত্যয় পুলিশ সুপারের
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম
ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী।
পুলিশের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনে ফরিদপুরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে কর্মরত সংবাদকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্টের পর পুলিশের হারানো আত্মবিশ্বাসকে পুঁজি করে এখনও অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই তাদের আখের গোছানোর কাজে ব্যবহার করছেন, যা আর হতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, জেলার ডিবির (গোয়েন্দা পুলিশ) কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে। খুব শীঘ্রই পুলিশ সক্রিয়ভাবে সব ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হবে। মাদক, সন্ত্রাস, ছিনতাই, যানজট, চুরি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের মতো সামাজিক সমস্যাগুলো দ্রুত নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সংবাদকর্মী পান্না বালা ও নাজিম বকাউলসহ অন্যান্য বক্তারা জেলার বিভিন্ন জনসমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ও আজমির হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।