EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
অ অ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও পিরোজপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পিরোজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে।

সংঘর্ষে আব্দুর রউফের পক্ষের আবুবক্কর সিদ্দিক, মফিজুল ইসলাম, ইয়ানবী, বাবুল হোসেন ও রফিকুল ইসলাম এবং আব্দুল জলিলের পক্ষের সবুর খান ও আব্দুল লতিফসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা আব্দুর রউফ অভিযোগ করে বলেন, ‘এর আগেও প্রতিপক্ষের লোকজন আমার অনুসারীদের বাড়িঘরে আগুন দিয়েছে এবং আমাকে হত্যার চেষ্টা করেছে। আজ দীর্ঘ বিরতির পর দলীয় কার্যালয়ে অবস্থানকালে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।’

তবে আব্দুর রউফের অভিযোগ অস্বীকার করে আব্দুল জলিল বলেন, ‘পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার এক অনুসারীকে একা পেয়ে মারধর করে। পরে আমাকেও দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে মারধর করা হলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন