আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ৬ জন রোহিঙ্গা। টেকনাফ জেটিঘাটে হস্তান্তর করা হয়েছে বুধবার সকালে
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম
আরাকান আর্মির কাছ থেকে ফেরত পাওয়া জেলেদের বুধবার কক্সবাজারের টেকনাফ জেটিঘাটে হস্তান্তর করছে বিজিবি।
বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি।
বুধবার সকালে নাফ নদীর শূন্যলাইনে হস্তান্তরের পর তাঁদের টেকনাফ জেটিঘাটে আনা হয়। ফেরত আসাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। তিনি জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে জলসীমা অতিক্রম করে মিয়ানমারের সীমানায় প্রবেশ করলে আরাকান আর্মি তাঁদের আটক করে। পরে তাঁদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত স্থানে বা জেলখানায় আটকে রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে জেলেদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, তারই অংশ হিসেবে এই ২৪ জনকে ফেরত আনা হলো।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ফেরত আসা জেলেদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মির হাতে মোট ৪৩৪ জন আটক হয়েছেন, যাঁদের মধ্যে ২২২ জন বাংলাদেশি ও ২১২ জন রোহিঙ্গা। এ পর্যন্ত ৩৪৮ জনকে ফেরত আনা হয়েছে, বাকি ৮৬ জন এখনো আটক রয়েছেন।