রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অচিরেই পরিবর্তন দৃশ্যমান হবে: ত্রাণমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল অচিরেই দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশমুখী মানুষের প্রবণতা কমানো সম্ভব হবে। এতে দেশের অর্থের সাশ্রয় হবে। সেবার মানোন্নয়নের ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ছয়তলা আইসোলেশন সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের ফলে অচিরেই হাসপাতালের সেবাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসাসেবা প্রদানকে শুধু চাকরি হিসেবে না দেখে মানুষের সেবা করার সুযোগ হিসেবে দেখতে হবে। রোগীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণের পাশাপাশি আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।