EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয়: দুলু

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম

তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয়: দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

অ অ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাট শুধু একটি জেলা নয়, এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তিস্তা নদীর পাড়ের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সংস্কৃতিকে কেন্দ্র করে জেলাটির একটি স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে লালমনিরহাট সার্কিট হাউসে ‘হামার লালমনি’ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, তিস্তা ও ধরলাসহ বিভিন্ন নদ-নদীকে ঘিরে লালমনিরহাটের মানুষের জীবন আবর্তিত। বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে লালমনিরহাট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে।

তিনি বলেন, সীমান্তবাণিজ্য, কৃষি, পর্যটন ও মানবসম্পদ—প্রতিটি ক্ষেত্রেই এ জেলার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাটের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই জনপদের মানুষের জীবনযাপন, লোকসংগীত, লোকঐতিহ্য ও উৎসব জাতীয় সংস্কৃতির মূল্যবান সম্পদ। উন্নয়নের সঙ্গে সঙ্গে নিজেদের শেকড়, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করতে হবে।

তিনি বলেন, ঐতিহ্য ও সম্ভাবনার সমন্বয়ে লালমনিরহাটকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির লীলাভূমি হিসেবে গড়ে তোলা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন