EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালি সন্ধ্যা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালি সন্ধ্যা
অ অ

জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জমকালো কাওয়ালি সন্ধ্যা। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রিয় কাওয়ালি ও সুফি সংগীতশিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল মনোজ্ঞ কাওয়ালি পরিবেশন করেন।

অনুষ্ঠানে উর্দু, হিন্দি ও বাংলা ভাষার বিভিন্ন জনপ্রিয় কাওয়ালি পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পীরা। ‘আলী আলী মওলা আলী’, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’ এবং ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’সহ বিভিন্ন কাওয়ালি পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়।

কাওয়ালি সন্ধ্যায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

কাওয়ালির সুর ও সুফি সংগীতের আবহে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যাজুড়ে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন