EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যুবকদের কর্মসংস্থান হলে কমবে সামাজিক অপরাধ: প্রতিমন্ত্রী আমিনুল হক

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা যুক্ত হচ্ছে কারিকুলামে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

যুবকদের কর্মসংস্থান হলে কমবে সামাজিক অপরাধ: প্রতিমন্ত্রী আমিনুল হক

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অ অ

যুবকদের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ কমে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৪ আগস্ট) এফডিসিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে দক্ষতা বৃদ্ধির নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, তবে বর্তমান সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ‘বিগত শাসনামলে চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা হয়নি; বরং গড়ে তোলা হয়েছিল সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা। বছরে হাজার হাজার স্নাতক বের হলেও চাকরির বাজারের চাহিদার সঙ্গে তার মিল ছিল না, ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিনে দিনে বেড়েছে। দেশের মোট মাদকাসক্তের ৮০ শতাংশই তরুণ-যুবক, যার মূল কারণ কর্মসংস্থানের অভাব।’

অনুষ্ঠানে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দল। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, সহযোগিতায় ছিল কেয়ার বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন— অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ড. এস এম মোর্শেদ, কেয়ার বাংলাদেশের পরিচালক রওনক জাহান ও এসওএসের ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর মো. মাসুদ রানা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আরও পড়ুন