EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

ছবি সংগৃহীত

অ অ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত ৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, পাঁচজন শ্রমিক মারা গেছেন।

তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফেরদৌস ওয়াহিদ।

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, আমরা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি।

তাদের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকিদের সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি। 

গ্যাস নির্গমন নাকি বিস্ফোরণ সেটি খতিয়ে দেখার পাশাপাশি এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন