পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সরকারের গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়।
সভায় নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকের অনুমোদন পেয়েছে।
এ ছাড়া ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার কথা সভায় জানানো হয়। আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথাও জানানো হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের সময়সীমা ও অর্থ বরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বরাদ্দ করা অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মান আরও উন্নত করার আহ্বান জানানো হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির সদস্যরা অংশ নেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।