দক্ষ তরুণ জনশক্তি তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৪৯ এএম
দক্ষ, কর্মমুখী ও ডিজিটাল তরুণ জনশক্তি গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে। এ লক্ষ্যে দক্ষতাভিত্তিক কোর্স, মাইক্রো-ক্রেডেনশিয়াল একাডেমি, আইসিটি ও ডিজিটাল কনটেন্ট উন্নয়ন এবং উচ্চশিক্ষা নিয়ে গবেষণাসহ বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরের কনফারেন্স হলে ইউনিসেফের গ্লোবাল টিমের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভায় এসব আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ইউনিসেফের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির জেনারেশন আনলিমিটেডের সিনিয়র উপদেষ্টা থমাস মাইকেল কে।
উপাচার্য বলেন, বিপুলসংখ্যক গ্র্যাজুয়েটকে দক্ষ ও কর্মমুখী করে তুলতে ইউনিসেফের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি গ্র্যাজুয়েটদের দক্ষতা ও যোগ্যতার চাহিদা বাড়াতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ইউনিসেফের সিনিয়র উপদেষ্টা থমাস মাইকেল কে বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর জন্য দক্ষতা ও কর্মমুখী শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ প্রয়োজন। এ লক্ষ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ইউনিসেফের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।