EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে
অ অ

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে (৫৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান।

আবেদনে বলা হয়, এজাহারে গ্রেপ্তার আসামি আশরাফুল হক ডনসহ অন্যান্য এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামারা পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আবেদনে আরও বলা হয়, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান। তিনি জামিনে মুক্ত হলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে এবং পুনরায় আত্মগোপনে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর সিআইডি তাকে হেফাজতে নেয়। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

আরও পড়ুন