EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নাফ নদীতে অস্ত্রের মুখে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

নাফ নদীতে অস্ত্রের মুখে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন জলসীমা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

শনিবার (৮ আগস্ট) সকালে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে রয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) ও মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। অপরজন কিশোর বলে জানা গেছে।

স্থানীয় জেলেদের ভাষ্য, শনিবার সকালে প্রতিদিনের মতো একটি মাছ ধরার ট্রলার নিয়ে নাফ নদীতে যান ওই তিন জেলে। নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছানোর পর আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারটি ধাওয়া করে আটক করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

এ সময় আশপাশে মাছ ধরতে থাকা কয়েকটি ট্রলার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদে সরে যায় বলে স্থানীয়রা জানান।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, ‘শনিবার সকালে তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। এর আগেও ওই এলাকা থেকে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সবসময় আরাকান আর্মির আতঙ্কে থাকতে হয়। সুযোগ পেলেই তারা স্পিডবোট নিয়ে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফিরিয়ে আনতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় জেলেরা জানান, নাফ নদী ও সীমান্তসংলগ্ন এলাকায় এ ধরনের আটকের ঘটনা অব্যাহত থাকায় মাছ ধরতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এতে সীমান্তবর্তী এলাকার জেলেদের জীবিকা ও নৌযাতায়াতও ঝুঁকির মধ্যে পড়েছে।

আরও পড়ুন