বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম
প্রতিবছর বাঁশখালীবাসী যাতে বন্যার কবলে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাঁশখালীর খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাতে বসেছে। ফলে স্বাভাবিক বৃষ্টিতেই খালগুলো উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে খালগুলো খনন ও পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।
তিনি বলেন, পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের বসতবাড়িতে ঢুকতে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
মন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর করবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
পরে মন্ত্রী বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।