যান্ত্রিক ত্রুটি
ইতালিতে বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট আটকা, দুর্ভোগে যাত্রীরা
জ্বালানি নিতে ইতালিতে নামার পর টার্মিনালে নামতে না পেরে বিমানেই চরম ভোগান্তিতে ২৬০ যাত্রী
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে বিমান বাংলাদেশ এরিয়ালাইনসের টরন্টো-ঢাকাগামী ফ্লাইট।
টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৩০৬) ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে সাত ঘণ্টারও বেশি সময় আটকা পড়েছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। এতে ২৬০ জন যাত্রী ছিলেন। এরপর স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটি ইতালিতে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি মেরামত করতে হবে। এর পর দুপুর হয়ে এলেও ফ্লাইটটি কখন ছেড়ে যাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা হয়নি।
শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজে আটকে থাকার কারণে শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, ‘এখানে অনেক যাত্রী রয়েছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের কাউকে উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হয়নি।’
তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিমান কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আমরা বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। গরম ও বদ্ধ পরিবেশের কারণে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।’
যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ইতালিতে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটির ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।
আরও পড়ুন