EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থী পেল স্বীকৃতি

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সাথে পুরস্কৃত শিক্ষার্থীরা। ছবি: ডেইলি সান

অ অ

গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সরাসরি পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে খুলনা মহানগরের ৪৬টি স্কুলের মধ্যে ৩০টি স্কুলের মোট ২ হাজার ২৫৭ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অপর ১৬টি স্কুলের পুরস্কার তাদের নিজস্ব প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষে খুলনা মহানগরের ৪৬টি স্কুলের মোট ৩ হাজার ২৬৯ জন শিক্ষার্থী এই বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বই মানুষকে বদলে দেয় এবং চিন্তা-চেতনার পরিধি প্রসারিত করে। কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল সাহিত্য ও বিজ্ঞানভিত্তিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’ আলোকিত প্রজন্ম গড়ার উদ্দেশ্যে বইপড়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন থাকার পরামর্শ দেন তাঁরা।

পুরস্কার বিতরণী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ইরুফা সুলতানা, শিক্ষাবিদ ও বিজ্ঞান সংগঠক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, মাউশি খুলনা অঞ্চলের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মন্ডল, বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান এবং গ্রামীণফোন খুলনার রিজিওনাল হেড ছানোয়ার হোসেন।

উল্লেখ্য, বিশ্বসাহিত্য কেন্দ্র বিগত ৪৮ বছর ধরে দেশজুড়ে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের প্রায় ১,৫০০টি মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে, যাতে প্রতিবছর প্রায় ২ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন