EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফ সীমান্তে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

টেকনাফ সীমান্তে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার করা এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই মাদক পাচারকারী। ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পাচারকালে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কারাইঙ্গাঘোনা সীমান্তে এ অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আটককৃতরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার মো. হাফেজ আহমেদের ছেলে মো. রাশেদ (২০) এবং উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আলী জোহরের ছেলে মো. আবদুল্লাহ (২২)।

লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, শুক্রবার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কারাইঙ্গাঘোনা সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুইজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকগুলো বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটকদের সাথে থাকা তিনটি বড় পোটলা জব্দ করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আরও পড়ুন