গৃহায়ন প্রতিমন্ত্রী
জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, নির্মাণকাজ শুরু হওয়ার পর সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হবে, যেখানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থায়ী আবাসনের সুযোগ এসব পরিবারের জন্য বড় সহায়তা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ আরও নিরাপদ হবে।
আহম্মদ সোহেল মনজুর বলেন, এটি শুধু একটি আবাসন প্রকল্প নয়; বরং জুলাই যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। তিনি বলেন, যারা আত্মত্যাগ করেছেন বা গুরুতর আহত হয়েছেন, তাদের অবদান কখনোই শোধ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, সরকার এরই মধ্যে শহীদ ও আহতদের জন্য নিয়মিত ভাতা, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আবাসন প্রকল্পও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। নিজ জেলা পিরোজপুরের নিহত ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতাও করা হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তন এসেছে।
তিনি বলেন, নির্বাচনব্যবস্থা নিয়ে প্রশ্ন, বিরোধী দলের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং দীর্ঘদিনের জনঅসন্তোষ একসময় গণ-আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনে ছাত্রসমাজের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় শক্তি।
জুলাই সনদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংসদের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নকে সরকার নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করছে।
তিনি আরও জানান, গেজেটভুক্ত নিহত ও গুরুতর আহতদের জন্য ভাতা, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক কর্মসূচি চলমান রয়েছে। রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন আত্মত্যাগী পরিবারগুলোর কাছেও পৌঁছে যায়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি জাতির ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাদের পরিবার যেন নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সূত্র: বাসস