EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ক্যাম্পাসে অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে: ইশরাক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

ক্যাম্পাসে অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে: ইশরাক

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তার মতে, এটি দীর্ঘমেয়াদি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তিনি অভিযোগ করেন, দেশ থেকে বিপুল অর্থ পাচার করে যাওয়া ‘পতিত ফ্যাসিবাদী’ শক্তি সেই অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, যদি তারা দেশে ফিরে আসে, তাহলে গণহত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে হওয়া ফাঁসির রায় কার্যকর করা হবে এবং তাদের রাজনীতিরও ইতি টানা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতাই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে তা জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

আরও পড়ুন