তাড়াশে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
ডেইলি সান রিপোর্ট, সিরাজগঞ্জ
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দুটি ঘটনায় নিহতদের স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন। তবে অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের একজন সানজিদা মিম (১৯)। তিনি উপজেলার তালোম ইউনিয়নের হরিসোনা গ্রামের ইয়াসিন হাসেমের স্ত্রী। স্বজনদের দাবি, সানজিদাকে হত্যা করার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তাঁর মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।
অপর নিহত সালমা বেগম (৩৫)। তিনি উপজেলার সগুনা ইউনিয়নের খুকনিপাড়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। তাঁর মরদেহও স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। সালমার স্বজনদের অভিযোগ, তাকেও হত্যা করে পরে ঝুলিয়ে রাখা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই দিনে পৃথক দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।