লটারিতে বদলি হলেন গণপূর্তের ২৫৪ প্রকৌশলী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আট বিভাগের উপ-সহকারী প্রকৌশলীদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
লটারির ফল অনুযায়ী ঢাকা বিভাগে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান উপস্থিত ছিলেন।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে তারা স্বাগত জানাচ্ছেন। এর মাধ্যমে অধিদপ্তরের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরে আসবে।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছেরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-কে বদলি করা হয়েছিল।