জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: মির্জা ফখরুল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র কার্যকর রাখতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার কোনো ভুল করলে বিরোধী দল তা অবশ্যই তুলে ধরবে। তবে সেই আলোচনা ও সমালোচনা সংসদের ভেতরে হওয়াই গণতান্ত্রিক চর্চার জন্য উপযুক্ত।
তিনি আরও বলেন, সংসদকেন্দ্রিক গঠনমূলক বিতর্ক ও জবাবদিহির মাধ্যমেই গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে।
একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার আন্তরিক। তবে তা জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমেই করা হবে।
তিনি বলেন, সংবিধান ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে জুলাই সনদ বাস্তবায়নের অন্য কোনো পথ বা মঞ্চ বিএনপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।