স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের জনদুর্ভোগ লাঘব, সুনামগঞ্জে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের চলাচল-দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পচা কচুরিপানা, কাদামাটি ও আবর্জনায় ভরে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করায় স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বাহিনীর সদস্যরা।
রবিবার (২ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামসংলগ্ন ফিরোজপুর–মাহাতাবপুর–মল্লিকপুর হাওর এলাকার একমাত্র সংযোগ সড়কে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন দলনেতা শাহ আলী এবং আনসার কমান্ডার হযরত আলী।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি পচা কচুরিপানা, দুর্গন্ধযুক্ত কাদামাটি ও বিভিন্ন ধরনের আবর্জনায় ঢেকে থাকায় শিক্ষার্থী, কৃষক, নারী-শিশুসহ সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগের মধ্যে পড়ে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
এ অবস্থায় আনসার ও ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক থেকে কচুরিপানা, কাদামাটি ও আবর্জনা অপসারণ করে চলাচলের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনেন। এতে এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।
ইউনিয়ন দলনেতা শাহ আলী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, জনসেবামূলক কর্মকাণ্ডেও সবসময় মানুষের পাশে রয়েছে। জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা যে উদ্যোগ নিয়েছেন, তা অনুকরণীয়। তাদের এ মানবিক উদ্যোগে বহু মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।
এলাকাবাসীর মতে, জনসেবা ও সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সাধারণ মানুষের কাছে আরও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করছে।