EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা

ছবি: সংগৃহীত

অ অ

বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

রবিবার (২ আগস্ট)  রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে আয়োজিত এ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রীরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচামরিচের বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং ইতোমধ্যে কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সরেজমিনে বাজারের প্রকৃত চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাণিজ্য ও কৃষিমন্ত্রী, খাদ্য প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এ উদ্যোগের ফলে বাজারে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং সাধারণ ভোক্তারা দ্রুত স্বস্তি পাবেন।

আরও পড়ুন