সুন্দরবনে এবার কুমিরের মুখে ছাগল, পর্যটকের ভিডিও ভাইরাল
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম
সুন্দরবনে বাঘের বিচরণের ভিডিওর পর এবার একটি কুমিরের ছাগল খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের ঢাংমারী খালের ঘাগরামারী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এক পর্যটক মোবাইল ফোনে ২৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে একটি কুমিরকে খালের মধ্যে একটি ছাগল খেতে দেখা যায়। তবে বন বিভাগ বলছে, ছাগলটি কুমিরের শিকার ছিল নাকি আগে থেকেই মৃত অবস্থায় পানিতে ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘাগরামারী এলাকার বনবিবী ফরেস্ট রিসোর্টের স্বত্বাধিকারী মো. সাকিব হোসেন জানান, শুক্রবার পাঁচ সদস্যের একটি পর্যটক দল তার রিসোর্টে ওঠে। শনিবার দুপুরে তারা জালিবোটে করে করমজলের দিকে যাওয়ার সময় একজন পর্যটক কুমিরটির ছাগল খাওয়ার দৃশ্য দেখে ভিডিও ধারণ করেন।
তিনি বলেন, ঢাংমারী খালের এক পাশে লোকালয় থাকায় প্রায়ই গবাদিপশু পানি পান করতে খালের ধারে আসে। এ সময় মাঝে মধ্যে কুমির ছাগল টেনে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
সুন্দরবন পূর্ব বিভাগের ঘাগরামারী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ভিডিওটি ঢাংমারী ডলফিন অভয়ারণ্য এলাকা থেকে ধারণ করা হয়েছে। তবে এটি কুমিরের শিকার করা ছাগল, নাকি আগে থেকেই মৃত ছিল—তা নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সুন্দরবনের নদী-খালে লবণ পানির কুমিরের স্বাভাবিক বিচরণ রয়েছে। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে করমজল প্রজনন কেন্দ্রে জন্ম নেওয়া ২০৯টি কুমির বনের বিভিন্ন নদী-খালে অবমুক্ত করা হয়েছে। বর্তমানে কেন্দ্রে ৭৯টি কুমির রয়েছে। তবে সুন্দরবনে বর্তমানে মোট কুমিরের সংখ্যা কত, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
সম্প্রতি সুন্দরবনে বাঘের উপস্থিতির একাধিক ভিডিওও আলোচনায় আসে। গত ২৬ জুলাই কচিখালী অভয়ারণ্য এলাকায় একটি বাঘকে নদী সাঁতরে পার হতে এবং ২৪ জুলাই আন্ধারমানিক পর্যটনকেন্দ্র এলাকায় একটি বাঘকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এসব ঘটনার পর এবার কুমিরের এমন ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।