EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভুয়া ভিসা দিয়ে প্রতারণা, সিলেটে মূলহোতা গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, সিলেট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৩০ এএম

ভুয়া ভিসা দিয়ে প্রতারণা, সিলেটে মূলহোতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

ইউরোপে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ এবং তিনজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় রেখে উধাও হওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তার ব্যক্তি হলেন আই এ মারুফ আহমদ (৩৪)। তিনি সিলেটের জালালাবাদ থানার পাইকরাজ এলাকার বাসিন্দা।

শুক্রবার (৩১ জুলাই) র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার রাতে সিলেট নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার মোস্তফানগর এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন তার ছেলে ও শ্যালকের ছেলেকে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর জন্য আম্বরখানার একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। বৈধভাবে ইউরোপে পাঠানোর আশ্বাস দিয়ে ১৮ লাখ টাকার বিনিময়ে তাদের সঙ্গে চুক্তি করা হয়। পরে ভুক্তভোগী পুরো অর্থ পরিশোধ করেন।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২০ নভেম্বর তিনজনের হাতে ভিসা তুলে দেওয়া হয়। এরপর ১৬ ডিসেম্বর আই এ মারুফ আহমদ ও তার সহযোগী কে এম জাকির আহমদ মনি তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যান। সেখানে ফ্লাইটে তুলে দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলে দুজনই সেখান থেকে উধাও হয়ে যান।

পরে ফোন করে জানানো হয়, ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হয়েছে। এই অজুহাতে ভুক্তভোগীদের সিলেটে ফিরে যেতে বলা হয়।

পরবর্তীতে অন্য একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনলাইনে ভিসা যাচাই করে তারা জানতে পারেন, তাদের দেওয়া ভিসাগুলো সম্পূর্ণ ভুয়া। এরপর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আফতাব উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আই এ মারুফ আহমদকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন