EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম

ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
অ অ

ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব যানবাহন অদক্ষ চালক পরিচালনা করেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সবার সচেতনতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা যেন নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেন প্রশাসক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানা মতে, ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক চালান না।

এর আগে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন