EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচার, ‘আমাকে বাঁচতে দিন’ কলেজছাত্রী মারিয়া

ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম

ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচার, ‘আমাকে বাঁচতে দিন’ কলেজছাত্রী মারিয়া
অ অ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে ভুল পরিচয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের কলেজছাত্রী মারিয়া সরকার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মারিয়া সরকার বলেন, সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এবং এ–সংক্রান্ত বিভিন্ন পোস্টে তার পুরোনো একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাকে ওই ঘটনার সঙ্গে জড়িয়ে পরিচয় দেওয়া হলেও এর কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি।

মারিয়া বলেন, ভাইরাল ভিডিওতে একজন হিন্দু তরুণীর কথা উল্লেখ করা হলেও অনেকেই ইচ্ছাকৃতভাবে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও শিক্ষাজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে এবং তিনি চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন।

তিনি বলেন, “আমি কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। আমার ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে বাঁচতে দিন।”

মারিয়া সরকারের ভাষ্য, জাতীয় নির্বাচনের আগে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে তিনি ছবিটি তুলেছিলেন। সম্প্রতি তিনি সেই পুরোনো ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেও প্রায় দুই ঘণ্টা পর সেটি মুছে ফেলেন। কিন্তু এর আগেই কেউ ছবিটি সংরক্ষণ করে রাখে। পরে প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল হওয়ার পর সেই পুরোনো ছবিটি ভিডিওর সঙ্গে জুড়ে বিভিন্ন পোস্টে প্রচার করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, এসব অপপ্রচারের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং মানুষের সামনে যেতে বিব্রতবোধ করছেন।

সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি প্রচার না করার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া গণমাধ্যমের প্রতিও দায়িত্বশীলতা ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান মারিয়া সরকার। 

আরও পড়ুন