ঠাকুরগাঁওয়ে এসপিডিএসের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যালয় উদ্বোধন
শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে; একই সঙ্গে উদ্বোধন হলো নতুন কার্যালয়ের
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
ঠাকুরগাঁওয়ে প্রতিভা কিন্ডারগার্টেন প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত
পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং মানবসেবামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি’ (এসপিডিএস)। একই সাথে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়, যেখান থেকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাটে অবস্থিত প্রতিভা কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে এসপিডিএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী।
প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, ‘একটি গাছ মানেই একটি জীবনের নিরাপত্তা। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। এসপিডিএস-এর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং তা ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।’
বিশেষ অতিথি আশাদুল হক বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী বলেন, ‘শিক্ষার্থীদের হাতে একটি গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের দায়িত্ব তুলে দেওয়া। এসপিডিএস-এর এই উদ্যোগ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হতে উদ্বুদ্ধ করবে।’
সভাপতির বক্তব্যে সারমীন আক্তার বলেন, ‘পরিবেশ রক্ষা ও মানবসেবাকে একসঙ্গে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। চলতি বর্ষা মৌসুমে আমরা ৫ হাজার গাছ রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যার মধ্যে ইতোমধ্যে ২ হাজার গাছ বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়া নতুন কার্যালয় থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।’
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মুন্সিরহাটে এসপিডিএস-এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।