হজযাত্রীদের স্বস্তি, বিমান টিকিটের দাম কমল ২৫ হাজার টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে হাজিদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে, হয়রানিমুক্ত পরিবেশে হজ পালন নিশ্চিত করতে কাজ করছে। সে লক্ষ্যেই হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত বিমানবন্দর নির্মাণ কর কমানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি হাজিদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা নিশ্চিত করার বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, দেশের মাত্র পাঁচ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, আর বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যান। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসের উপ-মিশনপ্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতারা এবং হজপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।